করোনার নমুনা সংগ্রহের নিবন্ধন হবে অনলাইনে

৭ জুন, ২০২০ ১৫:৪৭  
এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদফতর। এই কাজে সহযোগী প্রতিষ্ঠান ব্রাকের বিশেষায়িত ওয়েবসাইটে গিয়ে এই নিবন্ধন করতে হবে। নিবন্ধন ঠিকানা-coronatest.brac.net। ওয়েবে প্রবেশ করলে সেখানে একটি ভার্চুয়াল বুথের দেখা মিলবে। এখান থেকে লক্ষণ যাচাইয়ের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই নমুনা সংগ্রহ সেবা প্রদান করা হচ্ছে। একইসঙ্গে অনলাইনেই পরীক্ষার ফল জানারও ব্যবস্থা রাখা হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া নতুন তথ্য তুলে ধরে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি করোনা পরীক্ষার বুথগুলোতে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। নাসিমা সুলতানা বলেন, স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে করোনাবিষয়ক ৩৩টি গাইডলাইন দেয়া আছে। ১১টি জনসচেতনামূলক উপকরণ, শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদ করা বই প্রস্তুত করা হয়েছে। যা ওই ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়,গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮৮৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২৭৪৩ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৯ জনে। আর দেশে চালু ৫৫টি ল্যাবের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৪২টি। আর আগের দিনের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ হাজার ১৩৬টি।